বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের চর্চা এবং মাদক প্রতিরোধে সমন্বিত সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
গত রোববার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড) আয়োজিত মাদকবিরোধী সেমিনার, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি জসিম বলেন, প্রাথমিক থেকে কলেজ পর্যায় পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও মানসম্মত করতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্ববোধ বাড়াতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনাকাক্সিক্ষত হস্তক্ষেপ শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তাই একটি সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বাসেডের সভাপতি আরাফাত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থী, অতিথি এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।



