চট্টগ্রাম ব্যুরো
তৈরী পোশাক শিল্পকে আরো সুশৃঙ্খল ও শ্রমবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বিজিএমইএ আয়োজন করেছে হালনাগাদ সংশোধিত ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০০৬’ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রথম সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, বিজিএমইএর সাবেক পরিচালক, শ্রম সংস্কার কমিশনের সদস্য ও আইএলও অ্যান্ড লেবার অ্যাফেয়ার্সের চিফ কো-অডিনেটর এ এন এম সাইফ উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের প্রতিনিধি শ্রম পরিদর্শক রেজাউল রেশমা এবং জান্নাতুর রাহেলা।
কর্মশালায় বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রথম সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, কর্মশালাটি সংশোধিত শ্রম আইন কারখানায় যথাযথ প্রয়োগ, শিল্প খাতের বাস্তবতা বিবেচনায় রেখে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও ২০২৬ সালের শ্রম আইন সংশোধনী দেশের শিল্প খাতে সুশাসন, শ্রমবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বিশেষভাবে ভুল্লখ করেন- অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার লাইন্সেস নবায়ন করে নেয়ার জন্য উপস্থিত বিভিন্ন গার্মেন্টের মানবসম্পদ ব্যবস্থাপক ও কমপ্লায়েন্স কর্মকর্তাদের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে এ এন এম সাইফ উদ্দিন বলেন, বর্তমান শ্রম আইন সংশোধনের মূল লক্ষ্য হচ্ছে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ভারসাম্যপূর্ণ কর্মসম্পর্ক নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ করা। কর্মক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশোধিত আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। শ্রম আইনের সংশোধিত ধারাগুলোর বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সতর্ক ও আন্তরিক হওয়ার পরামর্শও দেন।
কর্মশালায় ৯৩টি পোশাক কারখানার ১০২ জন মানবসম্পদ ব্যবস্থাপক, কমপ্লায়েন্স কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হালনাগাদ শ্রম আইনের গুরুত্বপূর্ণ সংশোধনী, শ্রমিক কল্যাণ, কর্মঘণ্টা, নিরাপত্তা, শৃঙ্খলামূলক ব্যবস্থা এবং আইন বাস্তবায়নের ব্যবহারিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিজিএমইএর অতিরিক্ত সচিব (শ্রম) মো: রফিকুল ইসলাম।



