ফ্রান্স থেকে মোহাম্মদ মাহবুব হোসাইন
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নতুন সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি ফ্রান্স এবং বাংলাদেশে থাকা বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানানো হয়েছে। শুক্রবার উত্তর প্যারিসের শহরতলী উবেরভিলিয়ে এলাকার একটি হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক কার্যক্রম এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জুনেদ আহমেদকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জুনেদ আহমেদ বলেন, ‘ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখতে আগ্রহী। আমরা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চাই এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রেও আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই।’
অনুষ্ঠানে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন শাহ জামাল, ড. মোহাম্মদ কামরুল, আলতাফুর রহমান, ফয়সাল আহমদ, আব্দুল মুকিত, জিসাদ রহমান, ফারুক আহমেদ, সফিক উল্লাহ স্বপন ও ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ফ্রান্স থেকে বাংলাদেশের আবাসন, জ্বালানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।



