গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুইদিন পর শরিফা খাতুন নামে ছয় বছর বয়সী এক শিশুর লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির দুলাভাইকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলিপাড়া এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শরিফা খাতুন উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। আটক ব্যক্তি বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে এবং নিহত শিশুটির দুলাভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার আলিনগর ইউনিয়নের মকরমপুর এলাকায় খালার বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয় শরিফা। ওই দিন বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে তাকে খুঁজে না পেয়ে শিশুটির নানা আব্দুল করিম গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই অন্তরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে তার দেয়া তথ্য অনুযায়ী বিজলিপাড়া এলাকার একটি ধানখেত থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



