ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে দুই সন্তানের জননী সুবর্ণা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে তার স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে ছাতক পৌর শহরের চৌধুরী ঘাট সংলগ্ন একটি বাসার দোতলায় এ ঘটনা ঘটে। আটক জুবায়ের আহমেদ সাদ্দাম (৪০) দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতদনালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। নিহত সুবর্ণা বেগম চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়া ভুলুর মেয়ে। প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয়। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শহরের ওই বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন সাদ্দাম। তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল এবং সুবর্ণার ওপর প্রায়ই নির্যাতন চালানো হতো। গত সোমবার রাতে নির্যাতনের এক পর্যায়ে সুবর্ণা বেগমের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত স্বামী জুবায়ের আহমেদকে আটক করা হয়েছে। তবে বাসায় থাকা দুই সন্তানকে পাওয়া যায়নি। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোরসালিন এবং ছাতক থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।



