ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে সংসদ নির্বাচনে বিজয়ের পরদিনই পরাজিত প্রার্থীর বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। শুক্রবার জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ছরোয়ার হুসাইনের বাড়িতে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন।
এ সময় নির্বাচনী সৌহার্দ্য ও গণতান্ত্রিক সংস্কৃতি সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। পরে ভাঙ্গা ঈদগা মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ভাঙ্গায় তার কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নেই, সবাই তার ভাই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা অংশ নেন। নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে নবনির্বাচিত এই এমপি বলেন, তিনি একজন কৃষকের সন্তান। খালি হাতে ভাঙ্গায় এসে মানুষের ভালোবাসা পেয়েছেন। এ ভালোবাসার ঋণ শোধ করতে তিনি এলাকার মানুষের পাশে থাকতে চান।স্থানীয়দের অনেকে বলেন, নির্বাচনে বিজয়ের পরদিনই পরাজিত প্রার্থীর বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করা এবং মসজিদে ঐক্যের বার্তা দেয়া ইতিবাচক উদ্যোগ। তারা আশা করেন, নির্বাচনী বিভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে তিনি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।



