ইন্ডিয়া টুডে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রধান মমতা ব্যানার্জির সিদ্ধান্ত অমান্য করে দলের ৫৮ জন বিধায়ক বহিষ্কৃত নেতা ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভায় বিরোধীদলের নেতা নির্বাচিত করেছেন।
গতকাল বুধবার দুপুরে এই ৫৮ বিধায়ক বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা করার আবেদন জানিয়েছেন। চিঠিতে মমতা ব্যানার্জিকে এখনো দলের সভানেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে এই বিদ্রোহী গোষ্ঠী আখরুজ্জামানকে বিরোধী দলের মুখ্য সচেতক (চিফ হুইপ) হিসেবে মনোনীত করেছে।
সকালে প্রায় এক ঘণ্টার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন বিদ্রোহী বিধায়করা। স্পিকার যদি এই প্রস্তাবে সম্মতি দেন, তাহলে এক সময় সিপিএম ছেড়ে তৃণমূলে আসা ঋতব্রত ব্যানার্জিই হবেন বিধানসভার বিরোধী দলনেতা।



