সিলেট ব্যুরো
যুক্তরাজ্যের লন্ডনের পার্শ্ববর্তী এসেক্স অঞ্চলে সমুদ্রে ডুবে মা-মেয়েসহ তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সাগরে ডুবে যেতে থাকা একটি শিশুকে বাঁচাতে গিয়ে তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। মৃতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), মেয়ে সামিয়া রহমান (১৫) এবং মনসুরের শ্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)।
শেখ মনসুর দণি সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মকন মিয়ার ছেলে শেখ মাহফুজুর রহমান মুন্না। তিনি জানান, লন্ডনের কলচেস্টার সিটির নিকটবর্তী ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে তারা দুর্ঘটনার কবলে পড়েন।
সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল স্থানীয় পুলিশ, কোস্টগার্ড হেলিকপ্টার ও এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। সর্বাত্মক চেষ্টা চালানো হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। তিনি জানান, লাশ দেশে নিয়ে আসার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তাদের মৃত্যুর খবরে মোল্লারগাঁও এলাকায় শোকের ছায়া নেমে আসে।



