শিবচরে মাদক ক্রেতা-বিক্রেতাসহ ৩ জনকে এক বছরের কারাদণ্ড

Printed Edition

আহসান হাবীব শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে মাদক ক্রেতা-বিক্রেতা নারীসহ তিনজনের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (১৫ মে) সকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা এ দণ্ডাদেশ প্রদান করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শিবচর উপজেলার ‘পূর্বকাকৈর বাটেরচর’ এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবচর উপজেলার ‘পূর্বকাকৈর বাটেরচর’ গ্রামের আবুল কালাম মাদবরের স্ত্রী সালমা বেগম (৪৫), পুত্র সাকিব আল হাসান (২৬) ও ক্রেতা শরাফউদ্দিনকে (৪০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে ‘পূর্বকাকৈর বাটেরচর’ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার আবুল কালাম মাদবরের বাড়িতে রাত আড়াইটার দিকে ইয়াবা সেবনকালে ক্রেতা শরাফউদ্দিনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা পুলিশের সদস্যরা। পরে মাদক বিক্রেতা আবুল কালাম মাদবর পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এ সময় আবুল কালামের স্ত্রী সালমা বেগম ও ছেলে সাকিব আল হাসানকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শরাফউদ্দিনকে দুই বছরের কারাদণ্ড এবং আবুল কালাম মাদবরের স্ত্রী ও ছেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। মাদারীপুরের শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।