ভ্যান চালিয়ে সংসার টানে চতুর্থ শ্রেণীর লামিয়া

Printed Edition

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশালের উজিরপুরে মাত্র আট বছর বয়সেই ভ্যান চালিয়ে সংসারের হাল ধরেছে চতুর্থ শ্রেণীর ছাত্রী লামিয়া। তীব্র গরম উপেক্ষা করে প্রতিদিন ফজরের আজানের পর থেকেই রাস্তায় বের হলেও মিলছে না পর্যাপ্ত যাত্রী। ফলে ভাত-ভর্তা জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তার পরিবারকে। গোশত ভাত খাওয়া এখন তাদের কাছে শুধুই স্বপ্ন।

লামিয়ার বাড়ি উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গরিয়া গাভা গ্রামে। গত মঙ্গলবার সকালে নতুনহাট বাজার এলাকায় যাত্রীর অপেক্ষায় বসে থাকতে দেখা যায় তাকে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো যাত্রী না পেলেও হাল ছাড়েনি ছোট্ট এই শিশু। কেন এই বয়সে ভ্যান চালাতে বের হয়েছে, জানতে চাইলে লামিয়া বলে, ‘পেটের জ্বালায় ভ্যান লইয়া বাইর হইছি। পেট কি আর গরম মানে?’ সে জানায়, দুই বছর আগে তার মা মারা গেছেন। বাবা অসুস্থ হওয়ায় সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। প্রতিদিন ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে চলে সংসার। বর্তমানে সড়কে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমে গেছে। দিনে ২০০ থেকে ৩০০ টাকার বেশি ভাড়া পান না বলে জানায় লামিয়া।

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, ‘লামিয়ার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে তাকে আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হবে।’