ক্রীড়া ডেস্ক
আফ্রিকা নেশন্স কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিসরকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে নাইজেরিয়া। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায় সুপার ঈগলসরা।
নাইজেরিয়ার জয়ের মূল কারিগর গোলরক্ষক স্ট্যানলি নওয়াবালি। শুটআউটে মিসরের প্রথম দুই পেনাল্টিই রুখে দেন তিনি। এর মধ্যে অধিনায়ক মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশের শট ছিল উল্লেখযোগ্য। সালাহর শক্তিশালী শটটি হাতে ঠেকান নওয়াবালি আর মারমুশের মাঝ বরাবর নেয়া শটটি পায়ে ঠেকিয়ে দেন তিনি। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। নাইজেরিয়ার হয়ে জয়সূচক পেনাল্টি গোলটি করেন আদেমোলা লুকামান।



