এবার ছোটকাকু সিরিজের ‘কিশোরগঞ্জের কিশোর দল’

Printed Edition

বিনোদন প্রতিবেদক

জনপ্রিয় গোয়েন্দাভিত্তিক শিশুতোষ টেলিভিশন সিরিজ ‘ছোটকাকু’। আগামী ঈদুল আজহায় চ্যানেল আইয়ের পর্দায় আসছে ছোটকাকুর নতুন আট পর্ব ‘কিশোরগঞ্জের কিশোরদল’। যথারীতি গল্প প্রখ্যাত কথাসাহিত্যিক ফরিদুর রোজ সাগরের। নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নির্মাণ করছেন দেশবরেণ্য অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। এবারের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন, আহসান হাবিব নামি, তাহমিনা সুলতানা মৌ, মারিয়া ফারিহা উপমাসহ আরো অনেকে। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে ‘ছোটকাকু’ সিরিজের ‘কিশোরগঞ্জের কিশোরদল’-এর শুটিং চলছে। আফজাল হোসেন বলেন, ‘সত্যি বলতে কী স্কুল জীবন থেকে মাসুদ রানা, দস্যু বনহুর, ফেলুদা, এই কুয়াশা, দস্যু বাহরাম- এ ধরনের দুঃসাহসিক অভিযানগুলো পড়তে ভীষণ ভালো লাগত। তো যখন সাগরের কক্সবাজারের কাকাতুয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে এটি যদি সাগর নিয়মিত লিখত তাহলে এটি তো ধারাবাহিক লেখা হতে পারত। কিন্তু আমার জানা ছিল না, সাগর এটি লিখবে বলে মনস্থির করে ফেলেছিল। এরপর ছয়টি বা সাতটি পর্ব হওয়ার পর আমার মনে হলো- এটি তো ধারাবাহিকভাবে চলতে পারে। আমরাও এটি ধারাবাহিকভাবে নির্মাণ করে যেতে লাগলাম। আর এটি করতে আমার ভালোলাগে, কারণ শিশুদের জন্য এই দেশে তেমন কিছু নির্মিত হয় না। আমি ভীষণ উপভোগ করি। এত বছর ধরে এই সিরিজে অভিনয় করার কারণে এই সময়ে এসে সম্বোধনটাও বদলেছে, সবাই যে ছোটকাকু ডাকে- এটি খুব মজা লাগে আমার কাছে।’ আহসান হাবিব নাসিম বলেন, ‘অভিনয় জগতে এসে স্বপ্ন ছিল আফজাল ভাইয়ের পরিচালনায় কাজ করব। এত দিন পর হলেও সেই স্বপ্ন পূরণ হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত আমি। প্রতিটিা মুহূর্ত আমি ভীষণ উপভোগ করছি।’ তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘মিডিয়াতে আমার যাত্রাই শুরু হয়েছিল আফজাল ভাইয়ের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে। ২০১৯ সালে ছোটকাকু সিরিজের জয় হলো জয়দেবপুরে অভিনয় করেছিলাম। অনেক দিন পর আফজাল ভাইয়ের নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। আফজাল ভাইয়ের মতো গুণী নির্মাতা নিয়মিত নির্মাণে থাকলে আমরা অনেক ভালো ভালো কাজ পেতাম।’ উপমা বলেন, ‘আমার পরম সৌভাগ্য হয়েছিল কিছু দিন আগে আফজাল স্যারের সাথে একই মঞ্চে উপস্থাপনা করার। তবে স্যারের নির্দেশনায় অভিনয় করব- এটি আসলে কল্পনায়ও ছিল না। কিন্তু স্যার আমাকে এই সিরিজে অভিনয় করার সুযোগ দিয়েছেন, এটি আমার জন্য সত্যিই পরম পাওয়া।’