ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় আর জিরোনার মাঠে বার্সেলোনার হারে টেবিলের শীর্ষে ফিরেছিল কিলিয়ান এমবাপ্পে-জুড বেলিংহ্যামরা। সপ্তাহ ঘুরতেই মুদ্রার উল্টো দেখতে হতে পারে লস ব্লাঙ্কোসদের। লিগে গত পরশু ওসাসুনার বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজয়ের ফলে এই শঙ্কা জেগেছে বার্নাব্যুর দলটির। কারণ গত রাতে যদি লিগ ম্যাচে নিজেদের মাঠে লেভান্তেকে কোনোরকম হারাতে পারে বার্সা, তাহলে এক পয়েন্ট বেশি নিয়ে আবার শীর্ষে ফিরবে ন্যূ ক্যাম্পের দলটি।
প্রতিপক্ষের মাঠ এল সদর স্টেডিয়ামে ধারহীন আক্রমণ আর থিবো কর্তোয়ার ভুলে দীর্ঘ সময় পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। পরে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু শেষ সময়ে তাদের জালে আবার বল পাঠিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ওসাসুনা। লিগে টানা আট জয়ের পর হারল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল। এই পরাজয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই আছে রিয়াল। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা। তবে গত রাতে লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষে ফিরবে কাতালান ক্লাবটি।
এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে তরুণ ফরোয়ার্ড নিকো ও’রেইলির জোড়া গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে গত পরশু সিটিজেনরা ২-১ ব্যবধানে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। আর এই জয়ে লিগ টেবিলে আর্সেনালের সাথে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। আর্সেনালের টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ায় সুযোগটা দারুণভাবে কাজে লাগাল সিটিনেজরা। লিগে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।
বুন্দেসলিগায় গোল করেই চলেছেন হ্যারি কেন। লিগে গত পরশু ইংলিশ ফরোয়ার্ডর জোড়া ও আলেকসান্ডার পাভলোভিচের গোলে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে ৬৮ মিনিটের মধ্যে ৩-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ৭৭ মিনিটে ফ্রাঙ্কফুর্টের জনাথন বারকার্ড ও ৮৬ মিনিটে আরনাউড কালিমুয়েন্দো জালের দেখা পেলে কিছুটা চাপে পড়ে যায় বায়ার্ন। শেষ পর্যন্ত আর কোনো অঘটন ঘটাতে পারেনি সফরকারীরা। গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানির দল।
২৩ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার টেবিলে শীর্ষে অবস্থান বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়স্থানে বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫২। সপ্তম স্থানে থাকা আইনট্রাখট ফ্রাংফুর্টের পয়েন্ট ৩১।
লিগ ওয়ানে সহজ জয়ে আবার শীর্ষে ফিরল পিএসজি। উসমান দেম্বেলেকে ছাড়া মাঠে নেমে মেটজকে হারাতে কোনো বেগই পেতে হয়নি ফরাসি চ্যাম্পিয়নদের। চার দিন আগে ভিন্ন প্রতিযোগিতায় জোড়া গোল করে দলকে জেতানো দিজিরে দুয়ে এবার শুরুতেই পেলেন জালের দেখা। গোল পেলেন ব্রাডলি বার্কোলা ও গঞ্জালো রামোস। ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল। ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে লেন্স। ১৩ পয়েন্ট নিয়ে সবার নিচে মেটজ।



