মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনজন প্রার্থী। তবে ১১ দলীয় জোট থেকে জামায়াতে ইসলামীর আলোচিত কোনো প্রার্থী না থাকায় এ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ সৈয়দ ফয়সল আলোচনায় এগিয়ে আছেন বলে দাবি ভোটারদের।
১১ দলীয় জোটের প থেকে এ আসনে দেয়াল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুুল কাদের বাচ্চু। অপর দিকে বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে মাঠে নেমেছেন দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
এ আসনে ধানের শীষ প্রার্থীর রয়েছে দীর্ঘ দিনের একটি ভোটব্যাংক। বিগত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বারবার বিজয়ী হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সৈয়দ ফয়সল। এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক না থাকায় তার জয়ের সম্ভাবনা বেড়েছে বলে মনে করছেন বিএনপি দলীয় নেতাকর্মীরা। চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় চা-শ্রমিকদের রয়েছে একটি বিশাল ভোটভাণ্ডার। এ বিষয়ে সৈয়দ ফয়সল বলেন, এবার নৌকা প্রতীক না থাকায় চা-শ্রমিকরা ধানের শীষেই ভোট দেবেন বলে আমি আশাবাদী।
এ ছাড়া চুনারুঘাট-মাধবপুর এলাকায় গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকার কারণে সৈয়দ ফয়সলের জনপ্রিয়তা রয়েছে। চুনারুঘাটে খোয়াই নদীর উপর দু’টি সেতু নির্মাণ, চুনারুঘাট পৌরসভা প্রতিষ্ঠা, ১০০ শয্যার চুনারুঘাট সদর হাসপাতাল উন্নীতকরণসহ সড়ক ও অবকাঠামো উন্নয়নে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত। সবমিলিয়ে ভোটের মাঠে ত্রিমুখী লড়াই হলেও ধানের শীষের প্রার্থী এই আসনে এগিয়ে আছেন বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



