ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অবশ্য ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও পাচ্ছিল না সাফল্য। ব্রেন্টফোর্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দর্শনীয় এক গোলে দলকে শুরুতে এগিয়ে নিলেন জেরেমি ডকু। এরপর আর্লিং হলান্ড ব্যবধান দ্বিগুণ করার পর তৃতীয় গোলটি করেন ওমার মার্মুশ। ব্রেন্টফোর্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপা লড়াইয়ে আর্সেনালকে চাপে রেখে টিকে থাকল ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগে এদিন সিটি বড় জয় পেলেও পয়েন্ট হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। স্যান্ডারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। আরেক ম্যাচে ওলভারহ্যাম্পটনকে ৩-০তে হারিয়েছে ব্রাইটন। স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে এস্পানিওলকে ২-১ ব্যবধানে হারিয়েছে সেভিয়া। মেট্রোপলিতানোয় সেল্টাভিগোর কাছে ১-০তে হেরেছে দিয়েগো সিমিওনের দল অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছে ১০ জনের দল রিয়াল বেটিস।
ইতালিয়ান সিরি ‘আ’তে লাজ্জিওকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছে শিরোপা নিশ্চিত করা ইন্টার মিলান। লেসের বিপক্ষে ১-০ গোলের জয় জুভেন্টাসের। ভেরোনাকে তাদেরই মাঠে ১-০ ব্যবধানে হারিয়েছে কোমো।



