জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতে সংসদ কাজ করছে : স্পিকার

Printed Edition
সংসদ ভবনে সদস্যদের ওরিয়েন্টেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপসহ অতিথিরা : নয়া দিগন্ত
সংসদ ভবনে সদস্যদের ওরিয়েন্টেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপসহ অতিথিরা : নয়া দিগন্ত

বাসস

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের আস্থার ওপর।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা: মো: শফিকুর রহমান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামো দ্বারা। কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদ-সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি বাস্তবায়নের জন্য সহায়তা করে।

স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, এটি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার। তিনি বলেন, প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না, গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালি বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে পরিচালিত হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম বলেছেন, আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আগত কেউ শিক্ষক বা ছাত্র নয়, বরং একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা সবাই শিখবো।

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা: শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কিভাবে নিশ্চিত করা যায়- এ লক্ষ্যে সংসদ পরিচালিত হবে।

দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় গ্রুপে বৃহস্পতিবার সংসদীয় আসন, ১৫১ ময়মনসিংহ- ৬ হতে ধারাবাহিকভাবে ১৫৬ ময়মনসিংহ-১১, ১৫৮ নেত্রকোনা-২ থেকে ১৮৭ ঢাকা-১৪, ১৮৯ ঢাকা-১৬, ১৯১ ঢাকা-১৮ হতে ২৭৮ চট্টগ্রাম-১, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮২ চট্টগ্রাম-৫ হতে ৩০০ বান্দরবান আসনের নির্বাচিত সংসদ সদস্যগণ এবং সংরক্ষিত নারী আসন ৩২৫ মহিলা আসন-২৫ হতে ৩৫০ মহিলা আসন-৫০ হতে নির্বাচিত সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেন।

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাংবাদিকরা জনগণ ও সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিক ও সংসদকে একসাথে কাজ করতে হবে। গতকাল জাতীয় সংসদ ভবনের স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিপিজেএ সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দফতর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ), নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান পঞ্চায়েতসহ অন্য নেতারা। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধŸতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাংবাদিকতার স্বাধীনতার প্রসঙ্গে স্পিকার বলেন, অতীতের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দেশের গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ওপর রয়ে গেছে। তবে বর্তমানে দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সংবাদমাধ্যম এখন অনেক বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।

মতবিনিময় সভায় বিপিজেএ নেতার সংসদ রিপোর্টিংয়ের ক্ষেত্রে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন স্পিকার।

সভায় সংসদ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্যপ্রবাহ সহজীকরণ এবং সংসদীয় কার্যক্রমের আরো কার্যকর প্রচার-প্রসারের বিষয়ে আলোচনা হয়।