নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান বাজার ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসায় ছোট ভাই রাফি জারিয়ান শুদ্ধের (১৬) জিম করার ডাম্বেলের আঘাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্তন (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় রাফিকে আটক করেছে পুলিশ। তাদের ধারণা পারিবারিক বিষয়ে দুই ভাইয়ের কথাকাটাকাটির একপর্যায়ে এই ঘটনাটি ঘটেছে।
গতকাল সকালে সুপান্তনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সুপান্ত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। অভিযুক্ত ছোট ভাই শুদ্ধ একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী।
কলাবাগান থানার উপ-পরিদর্শক উপ পরিদর্শক (এসআই) মো: শামসুল হক সুমন জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে কথা কাটাকাটির জেরে সুপান্তনকে মাথার পেছনে জিম করার ডাম্বেল দিয়ে আঘাত করে ছোট ভাই শুদ্ধ। এতে গুরুতর আহত অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে কলাবাগান থানা পুলিশ খবর পেয়ে রাত ১টার দিকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতন্ত্রের জন্য (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এ ঘটনায় ছোট ভাই শুদ্ধকে আটক করা হয়েছে। নিহত সুপান্ত এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বগুড়ার আদমদীঘি থানার সিরাজুল সালেকিনের ছেলে। বর্তমানে কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্ট্রিট স্কুল এলাকার সি-২৭২ নাম্বার বাসায় পরিবারের সাথে থাকত।



