বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ কে সামনে রেখে ‘হাইপারটেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিএমইউয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দেশের উচ্চ রক্তচাপ পরিস্থিতি, প্রতিরোধ, চিকিৎসা, ওষুধ সরবরাহ ও বাজেট বৃদ্ধি এবং বহুমুখী সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে বক্তারা নীরব ঘাতক উচ্চ রক্তচাপকে হৃদরোগ, স্ট্রোকসহ মানুষের স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ হিসেবে উল্লেখ করেন ও উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ। সেমিনারের অংশ হিসেবে ‘হাইপারটেনশন প্রিভেনশন ইন বাংলাদেশ : ইমাজিং চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ডাইরেকশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ সার্ভিস ডিভিশনের অতিরিক্ত সচিব মোমেনা মনি, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার।



