ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট বাণিজ্যের অভিযোগ

Printed Edition

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এ হাসপাতালটিতে বহির্বিভাগের তিন টাকার টিকিট পাঁচ থেকে ১০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে দরিদ্র রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগে গড়ে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি টিকিটের মূল্য তিন টাকা হলেও কাউন্টারে দায়িত্বরত কর্মচারীরা রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিচ্ছেন। চিকিৎসা নিতে আসা আকাশকুড়ির রিফা বেগম, সরদার হাটের হাবিবুর রহমান, ডাঙ্গাডাঙ্গার জুয়েল রানা ও ডালিয়ার বিলকিস আক্তারসহ একাধিক রোগী জানান, কাউন্টারে গিয়ে পাঁচ টাকা না দিলে টিকিট মিলছে না।

অনুসন্ধানে আরো দেখা যায়, এক শারীরিক প্রতিবন্ধী নারীর কাছ থেকেও টিকিট বাবদ ১০ টাকা নেয়া হয়। পরে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করলে কাউন্টার থেকে তাকে সাত টাকা ফেরত দেয়া হয়। এ ঘটনায় হাসপাতালজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

বহির্বিভাগের টিকিট কাউন্টারে দায়িত্বরত জামেদ আলী ও মামুন দাবি করেন, খুচরা টাকার সমস্যার কারণে কখনো বেশি টাকা নেয়া হয়, আবার কেউ কেউ কমও দেন। তবে এটি নিয়মিত নয় বলে তারা উল্লেখ করেন।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান বলেন, প্রতিটি টিকিটের নির্ধারিত মূল্য তিন টাকা, এর বেশি নেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে।