মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত কয়েক ডজন

Printed Edition

এএফপি

মালির মধ্যাঞ্চলে বিদ্রোহীদের সর্বশেষ হামলায় অন্তত কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। স্থানীয় ও নিরাপত্তা সূত্র শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবারের এই হামলার দায় স্বীকার করেছে ‘জেএনআইএম’ (গ্রুপ ফর দ্য সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস) নামের একটি সংগঠন। এর আগে গত বুধবারও তারা বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছিল।

হামলার ভয়াবহতা সম্পর্কে স্থানীয় এক কর্মকর্তা জানান, গত কয়েক দিনে সশস্ত্র গোষ্ঠীগুলোর এই তাণ্ডবে নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়ে গেছে। অন্য এক কর্মকর্তার মতে, নিহতের সংখ্যা প্রায় ৮০ জন। সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে স্থানীয় এক যুবনেতা বলেন, ‘আজ আমাদের হৃদয় রক্তাক্ত।’