এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Printed Edition
সিদ্বেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা  :  নয়া দিগন্ত
সিদ্বেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে। তিনি বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক ও জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।

তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনী কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

উপদেষ্টা এ সময় বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও ভোটারদের সাথে কথা বলেন। তিনি ভোটের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে সকাল ১০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর ডিওএইচএস বারিধারাস্থ ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ কেন্দ্রে ভোট দেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগাণ্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে সাংবাদিকরা জাতীয় নির্বাচনেও সত্য সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে। জাতীয় নির্বাচনে মিডিয়া সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে উপদেষ্টা এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।