সুস্থ সংস্কৃতির পথিকৃৎ ড আ জ ম ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

বরিশাল ব্যুরো

বাংলাদেশে সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ১১ মে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

১৯৬২ সালের ২ জুলাই ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণকারী ড. ওবায়েদুল্লাহ ছিলেন একাধারে লেখক, গীতিকার, গবেষক, শিক্ষাবিদ, সংগঠক ও মোটিভেশনাল স্পিকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও খাদ্যবিজ্ঞানে দ্বিতীয় স্নাতকোত্তর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল আন্তঃধর্মীয় ঐক্য প্রতিষ্ঠায় এডওয়ার্ড ডব্লিউ সাঈদের অবদান।

কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার হিসেবে দীর্ঘ দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআরডি) নির্বাহী পরিচালক হিসেবে আমৃত্যু কর্মরত ছিলেন। ১৯৯১-৯২ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

২০১৭ সালে তিনি ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ প্রতিষ্ঠা করেন এবং সারা দেশে সুস্থ সাংস্কৃতিক আন্দোলন বিস্তারে নিরলস কাজ করে যান। বাংলাদেশ চারুশিল্পী পরিষদ, বাংলাদেশ সঙ্গীত কেন্দ্র, বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। দেশের প্রথম ত্রিভাষিক চেইন বিদ্যালয় ‘পিস স্কুল’-এর প্রতিষ্ঠাতাও তিনি।