নয়া দিগন্ত ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একজন ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পৌর ভূমি কর্মকর্তা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো: আনোয়ার হোসেন (৫৮)। তিনি আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার মাসদাইর এলাকায় বসবাস করেন।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৩৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া উপজেলার তেলিগুল গ্রামের ফুলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার সাফরন রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান একটি পালসার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী লিটন মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
পারশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশায় ইঞ্জিন-চালিত নসিমন ভটভটির ধাক্কায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল কুজুর (৪০) নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রামলাল বুধবার বিকেলে মোটরসাইকেলে নওগাঁ কোর্ট থেকে ফেরার পথে উপজেলার ছাওড় ইউনিয়নের বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে পৌঁছলে পিছন দিক থেকে আশা একটি নসিমন ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় নসিমন ভটভটিটি তার মাথার উপর দিয়ে চলে যায়। ফলে সে ঘটনা স্থলেই মারা যান।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের বারইয়ারহাট পৌর বাজারের বিএম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আজমা বেগম সিরাজী (৬০)। তিনি ফেনী পৌর সদরের দক্ষিণ চড়ীপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে স্বামী ইফতেখার আহমেদসহ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কদমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর মাইজদীতে মাটিবাহী পিকআপের চাপায় মো: জাবেদ হোসেন আকাশ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে মাইজদী হাসপাতাল সড়কের প্লাটরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের আজাদ বখত ভূঁইয়া বাড়ির জাকের হোসেনের ছেলে আকাশ। তিনি ঢাকা-নোয়াখালী একুশে পরিবহন বাস সার্ভিসের সুপারভাইজার। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মাইজদী প্রাইম হাসপাতালে অসুস্থ বোনকে দেখতে যান। পরে সেখান থেকে মোটরসাইকেল নিয়ে বড় মসজিদ মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে প্লাটরোড মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মাটিবাহী পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।



