‘হ্যাঁ’ ভোট দিয়ে ফ্যাসিবাদ ও আগ্রাসন রুখে দিন : উপদেষ্টা আদিলুর

Printed Edition
মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান  :  নয়া দিগন্ত
মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান : নয়া দিগন্ত

লৌহজং ও শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ চরম আগ্রাসন ও অপশাসনের অধীনে ছিল। ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে দেশে আয়নাঘর, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানে এক হাজার ৪০০ তরুণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে, সে জন্য ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ১২ ফেব্রুয়ারি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পৃথক দু’টি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের ঐকমত্যে যে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, তার প্রতি জনগণের সম্মতির জন্যই এই গণভোট। এই ভোট আগামী শত বছরের জন্য বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম দিকনির্দেশনা দেবে। আমরা হয়তো থাকব না, কিন্তু বাংলাদেশ যেন মাথা উঁচু করে শতসহস্র বছর টিকে থাকে, সেই লক্ষ্যেই আমরা গণমানুষের সমর্থন চাচ্ছি।’

বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ম্যাসাকারের কথা স্মরণ করিয়ে দিয়ে আদিলুর রহমান খান বলেন, ‘আমাদের তরুণরা আবাবিল পাখির মতো রাজপথে নেমে এসে একটি জালেম সরকারের পতন ঘটিয়েছে। বাংলাদেশ আর কখনোই আগের জায়গায় ফিরে যাবে না। লুটপাট, বিদেশে টাকা পাচার এবং বিচারহীনতার দিন শেষ করতে হবে। বাংলাদেশের মানুষ আর কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না।’

মা-বোনসহ সর্বস্তরের ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি সকালে আল্লাহর নাম নিয়ে বুকে লাল-সবুজের পতাকা ধারণ করে ‘হ্যাঁ’-এর পক্ষে সিল মেরে আপনাদের অধিকার নিশ্চিত করবেন। কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়। সারা দেশের মানুষ যেন মুন্সীগঞ্জের ভোট দেখে বুঝতে পারে এখানকার মানুষ কতটা সচেতন।’

লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফারজানা ববি মিতু। অন্য দিকে শ্রীনগর উপজেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো: মহিন উদ্দিন। দু’টি সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার এবং শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান। সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, ইমাম ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।