ক্রীড়া প্রতিবেদক
পেশাদার লিগ, বিপিএল বা হাল আমলের বাংলাদেশ ফুটবল লিগ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ এই লিগে সবচেয়ে বেশি ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তবে দর্শকপ্রিয় এই কাবটি এখন যেন ভুলেই গেছে পেশাদার লিগের ট্রফি জেতাটা। সর্বশেষ ২০১৭-১৮ সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার কি আকাশি-নীল শিবির লিগের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পারবে। না কি এক মৌসুম পর এই শ্রেষ্ঠত্ব যাবে বসুন্ধরা কিংসের দখলে। বসুন্ধরা চ্যাম্পিয়ন হলে আবাহনীর ছয়বারের ট্রফি জয়ে ভাগ বসাবে। আবার শেষ পর্যন্ত এই দুই দলের মধ্যেই চ্যাম্পিয়নশিপ ফাইট হবে নাকি তৃতীয় শক্তি হিসেবে ফর্টিসের ঘরে যাবে ট্রফি তা জানা যাবে আজ। ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগে আজ এই বিষয়টি চূড়ান্ত হবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর। কুমিল্লা ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে বেলা পৌনে ৩টায় শুরু হওয়া ম্যাচে বসুন্ধরা কিংস জিতলেই হয়ে যাবে চ্যাম্পিয়ন। অন্যদিকে শিরোপার আশা জিইয়ে রাখতে আবাহনীকে আজ জিততে হবে। এরপর ২৩ মে জয়ের দেখা পেতে হবে আরামবাগের বিপক্ষে। ১৬ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৩৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে আবাহনী। ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফর্টিস।
ইতোমধ্যেই ফেডারেশন কাপের ফাইনালে উঠা বসুন্ধরা কিংস আজ জিতলে ১৯ মে ফেডারেশন কাপের ফাইনালে জয়ের বাড়তি আত্মবিশ^াস পাবে। অন্য দিকে ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আবাহনীকে দুই খেলায় জিততে হবে। ফিরতি পর্বে টানা সাত ম্যাচই জিতেছে মারুফুল হকের দল। এটা আবাহনীর অন্যতম প্রেরণা।
আজ শিরোপা নির্ধারণ যেমন নিশ্চিত হতে পারে তেমনি অবনমনও নিশ্চিত হতে পারে। আজ পিডব্লিউডি ও ইয়ংম্যান্সের ম্যাচ মানিকগঞ্জের মিরাজ তপন স্টেডিয়ামে। এ খেলায় পিডব্লিউডি জিতলেই নেমে যাবে ইয়ংম্যান্স। আর গাজীপুর স্টেডিয়ামে আরামবাগ যদি হেরে যায় বাংলাদেশ পুলিশের কাছে তাহলে বিএফএলে টিকে যাবে পিডব্লিউডি। তখন শেষ রাউন্ডের আগেই ইয়ংম্যান্সকে সাথে নিয়ে বিসিএলে ফিরে যাবে আরামবাগ ও ইয়ংম্যান্স। অন্য দিকে আরামবাগ যদি হারিয়ে দেয় পুলিশকে এবং ইয়ংম্যান্স জয় পায় পিডব্লিউডির বিপক্ষে তাহলে জিতেও লাভ হবে না ইয়ংম্যান্সে। ১৭ পয়েন্ট নিয়ে অবনমন ঠেকাবে আরামবাগ। তখন নেমে যাবে ইয়ংম্যান্স ও পিডব্লিউডি। অন্যদিকে আজ কিংস এরিনায় ফর্টিসের বিপক্ষে জিতলেই রেলিগেশন এড়াবে ব্রাদার্স। ১৭ পয়েন্ট ব্রাদার্সের।
আজ বসুন্ধরা এবং আবাহনীর ম্যাচ যদি ড্র হয় এবং ২৩ তারিখে যদি আবাহনী আরামবাগের কাছে এবং বসুন্ধরা ইয়ংম্যান্সের কাছে হেরে যায় তাহলে আজ এবং ২৩ তারিখে জিতলে ফর্টিসই হবে চ্যাম্পিয়ন।
১৪ পয়েন্ট আরামবাগের। পিডব্লিউডির সংগ্রহ ১৩। ১০ পয়েন্ট ইয়ংম্যান্স কাব ফকিরেরপুলের।



