সিলেট ব্যুরো
লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে চতুর্থবারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন সিলেটে জন্ম নেয়া বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটেনের মূল ধারার রাজনীতিক লুৎফুর রহমান। অ্যাসপায়ার পার্টির নেতা লুৎফুর ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্যের বর্তমান সরকারিদল লেবার পার্টির সিরাজুল ইসলামকে হারিয়েছেন। সিরাজ পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট।
গত শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টার এক্সসেল লন্ডনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
২০১০ সালে যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশী নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন লুৎফুর রহমান। ২০১৪ ও ২০২২ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর, নির্বাহী মেয়র হিসেবে চতুর্থ বার বিজয়ী হয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। তার দল, অ্যাসপায়ার, ২০২২ সালের নির্বাচনে তখনকার সরকারিদল কনজারভেটিভ ও বিরোধীদল লেবারকে হারিয়ে লন্ডনের একটি কাউন্সিলে বিজয়ী প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে। এবারো সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
২০১০ সালে ব্রিটেনে ১৩ জন নির্বাচিত মেয়রের মধ্যে তিনি ছিলেন একমাত্র অশ্বেতাঙ্গ এবং প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশী মেয়র। তখন ব্রিটেনের শীর্ষ পত্রিকা ডেইলি টেলিগ্রাফে সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন মেয়র লুৎফুর রহমান। টানা ৩য় বারের মতো তিনি এই তালিকায় স্থান পেয়েছেন। আগের বারের চেয়ে পরের বার তিনি ১৫ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে স্থান করে নেন।
শিশু বয়সে চতুর্থ শ্রেণীতে অধ্যয়নকালেই বাবা মায়ের সাথে ব্রিটেনে পাড়ি জমান সিলেটের ওসমানী নগর উপজেলার বাসিন্দা লুৎফুর রহমান।
এক সময় তিনি ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে জড়িয়ে পড়েন।
অভিবাসী জীবন থেকে লন্ডনে মেয়র নির্বাচিত হয়ে তিনি
শুধু ইউরোপ নয়,বিশ্বজুড়ে আলোচনায় আসেন।
তিনি একজন প্রাকটিসিং মুসলিম এবং পরহেজগার হিসেবে সুপরিচিত।



