ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। দলের নেতৃত্ব পেয়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন কুশল মেন্ডিস। ওপেনার পাথুম নিশাঙ্কার দায়িত্বশীল ব্যাটিংয়ে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করে লঙ্কানরা। পরে বোলারদের দায়িত্বশীল পারফরম্যান্সের সুবাদে ২৬২ রানে আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ৪১ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে গত পরশু টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই জেডেন সিলসের বলে নিশাঙ্কার ক্যাচ ছাড়েন কেসি কার্টি। সিলস পরে দ্রুত বিদায় করেন কামিন্দু মেন্ডিসকে। ১২ রানে বিদায় নেন এই বাঁহাতি। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ৬২ বলে ৭২ রানের ইনিংস খেলেন অধিনায়ক মেন্ডিস। হয়েছেন ম্যাচসেরাও। এরপর ১০৩ বলে ৭৯ রান করে আউট হন নিশাঙ্কা। চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৪৫ রান। ইনিংস খেলেন নেতৃত্ব হারানো চারিথ আসালাঙ্কা। শেষ দিকে জেনিথ লিয়ানাগ অপরাজিত ৪৪ রান করলে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দু’টি করে উইকেট নেন সিলস, ম্যাথু ফোর্ড ও রোস্টন চেজ।
৩০৪ রানকে তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল ওয়েস্ট ইন্ডিজের। জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রেভস প্রথম ৬ ওভারে তুলেন ৫০ রান। তবে ইনিংস বড় করতে পারেননি কেউ। ১৭ রান করে ফেরেন ক্যাম্পবেল, আর গ্রেভসের ব্যাট থেকে আসে ৪৫ রান। কেসি কার্টি ফেরেন ২৭ রানে। ইনিংসের একমাত্র ফিফটি (৫৬) আসে অধিনায়ক শাই হোপের ব্যাটে। শেষের দিকে রোস্টন চেজ ৩৩ ও গোদাকেশ মতির ব্যাট থেকে ২২ রান। দশে নেমে ২২ বলে ২৩ করে কিছুটা ব্যাবধান কমান শামার জোসেফ। চামিরা চারটি ও থিকসেনা নেন দু’টি উইকেট।



