মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে তিন বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া বালতিগুলোতে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে শনিবার রাত ৯টার দিকে ঢালিকান্দি এলাকার মানিক শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে রাখা তিনটি প্লাস্টিকের বালতিতে থাকা তাজা ককটেল উদ্ধার করা হয়। একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও জব্দ করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত আলামত স্থানীয় থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব বিরোধের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।


