বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি বের হয়েছে। ‘থ্যালাসেমিয়া অদৃশ্য আর নয়, অজানাদের খুঁজি ও সহযোগিতার হাত বাড়াই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত র্যালির বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। বিএমইউর হেমাটোলজি বিভাগ, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি বিভাগ এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে বি ব্লকের সামনে থেকে বের হয়ে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: এফ. এম. সিদ্দিকী বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো স্ক্রিনিং এবং নিরাপদ রক্ত সঞ্চালনের বিকল্প নেই। তিনি রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউর প্রোভিসি অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা: আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা: মো: আদনান হাসান মাসুদ, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: আনোয়ারুল করিম, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: আয়েশা খাতুন, হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক-উপরেজিস্ট্রার (শিক্ষা) নাসরীন আক্তার প্রমুখ ।
তারা তাদের বক্তব্যে বলেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রক্তরোগ। যথাযথ সচেতনতা, বিয়ের পূর্বে স্ক্রিনিং এবং সময়মতো রোগ নির্ণয়ের মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তারা থ্যালাসেমিয়া রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা ও নিরাপদ রক্ত নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।



