নয়া দিগন্ত ডেস্ক
বিয়ে আর পরীক্ষা একই সাথে! জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তরুণী। কিন্তু সে কারণে কি পরীক্ষা দিতে যাবেন না? বিয়ের সাজেই ট্যাক্সি চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গেলেন তরুণী। নববধূকে দেখতে পরীক্ষাকেন্দ্রের বাইরে ভিড় জমিয়ে ফেললেন অনেকে। ‘দ্যভারতস্কোয়াড’ নামে অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, ফুল দিয়ে সাজানো একটি সাদা ট্যাক্সি পরীক্ষাকেন্দ্রের সামনে এসে দাঁড়াল। ট্যাক্সির ভেতর বিয়ের পোশাকে বসেছিলেন এক তরুণী। পরীক্ষাকেন্দ্রের সামনে ট্যাক্সি দাঁড়াতেই চারদিক থেকে ঘিরে দাঁড়িয়ে পড়লেন পরীক্ষার্থীসহ অন্য স্থানীয়রা। ট্যাক্সির পেছনের আসন থেকে বিয়ের সাজেই নামলেন নববধূ।
তার সাথে ছিলেন এক মহিলাও। সিঁথিভর্তি সিঁদুর পরেছিলেন নতুন বৌ। সেই সাজেই লাল ঘোমটা দিয়ে মুখ আড়াল করে পরীক্ষা দিতে গেলেন তিনি। ভিড়ের মধ্যে থেকে তরুণীকে বার করে পরীক্ষাকেন্দ্রের দিকে নিয়ে গেলেন এক সিআরপিএফ অফিসার। সম্প্রতি এই ঘটনাটি বিহারের শেরঘাটি এলাকায় ঘটেছে।
স্থানীয়দের অধিকাংশের দাবি, দশম শ্রেণীর পরীক্ষা দেবেন বলে বিয়ের মণ্ডপ থেকে সোজা পরীক্ষাকেন্দ্রে চলে গিয়েছিলেন নববধূ। ভিডিওটি দেখে এক নেটিজেন লিখেছেন, ‘তরুণী যে তার পড়াশোনাকে সমান গুরুত্ব দিয়েছেন তা দেখেই ভালো লাগছে। ভবিষ্যতেও যেন সংসারের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান, সেই আশীর্বাদ করি।’



