বগুড়া অফিস
আগামী ৫ জুলাই বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে তিনটি প্যানেলে সভাপতিসহ মোট ১২টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। প্যানেল তিনটি হলো : আতিকুর রহমান বাদল ও হামিদুল হক চৌধুরী হিরুর নেতৃত্বাধীন বাদল-হিরু পরিষদ, মো: সেলিম রেজা ও এরশাদুল বারী এরশাদের নেতৃত্বাধীন সেলিম-এরশাদ পরিষদ এবং মোজাম্মেল হক লালু ও মাহমুদুর রহমান শিপনের নেতৃত্বাধীন লালু-শিপন পরিষদ। এর মধ্যে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীরা দু’টি প্যানেল বাদল-হিরু ও লালু-শিপন পরিষদ এবং জামায়াতে ইসলামী সমর্থক ব্যবসায়ীরা সেলিম- এরশাদ পরিষদে প্রার্থী হয়েছেন। এ নির্বাচনে চেম্বারের এক হাজার ৭৭ জন ভোটার ৫ জুলাই ভোট দেবেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নেতারা সেলিম এরশাদ - পরিষদের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। সাধারণ ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি পদে সেলিম রেজা, সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সহসভাপতি পদে মামুনুর রশিদ মামুন, ৯টি পরিচালকের পদে মাহফুজুল হক, শাহিনুর ইসলাম রনি, সাবেক চেয়ারম্যান মহররম আলী, আব্দুল বাছেত, সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, রফিকুল ইসলাম, জর্জিস হোসেন, কায়েস মিয়া ও মিশু গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দানের পর সভাপতি প্রার্থী সেলিম রেজা সাংবাদিকদের বলেন, আগামী ৫ জুলাই নির্বাচনে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিতে উদগ্রীব।
নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছা: আছিয়া খাতুন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।



