রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Printed Edition

রয়টার্স

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার রাতে মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে ঠিক কবে নাগাদ এই অভিযোগ গঠন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি। এই আইনি প্রক্রিয়াটি কার্যকর করতে হলে একজন গ্র্যান্ড জুরির অনুমোদনের প্রয়োজন হবে।

মার্কিন বিচার বিভাগের ওই কর্মকর্তার সূত্রে জানা গেছে, কিউবার ৯৪ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে মূলত একটি উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হতে পারে। এর আগে সংবাদমাধ্যম সিবিএসের এক খবরে বলা হয়েছিল, ১৯৯৬ সালে কিউবায় মানবিক সহায়তা সংস্থা ‘ব্রাদারস টু দ্য রেসকিউ’ পরিচালিত একটি উড়োজাহাজ ভূপাতিত করার বিষয়টিই এই মামলার মূল কেন্দ্রবিন্দু। বর্তমানে ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নির কার্যালয় কিউবার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য এই ফৌজদারি অভিযোগ খতিয়ে দেখার বিষয়টি তদারক করছে।