নয়া দিগন্ত ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কেন্দ্রে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ ও অ্যাকাডেমিক ভবন-২, এবং ভোয়াল্যা ও মোনঘর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ১,৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ১৪৪ জন উপস্থিত ছিলেন এবং ৬৩৬ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৬৪.২৭ শতাংশ।
পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, জিএসটি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং প্রক্টর ড. মো: ফখরুদ্দিন উপস্থিত ছিলেন।
গোবিপ্রবি প্রতিনিধি জানান, জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২.৫২ শতাংশ।
শুক্রবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০৭০ জন ভর্তি ইচ্ছুকদের মধ্যে অংশ নেয় ৮৮৩ জন। অনুপস্থিত ছিলো ১৮৭ জন। পরীক্ষায় কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তি ইচ্ছুকদের অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। পরে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত মানবিক শাখার (‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা ও ১০ এপ্রিল একই সময়ে বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটে ২৫০, ‘বি’ ইউনিটে ৫০০ এবং ‘এ’ ইউনিটে ৭৫৫টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে এক হাজার ৫০৫টি।
গাজীপুর জেলা প্রতিনিধি জানান, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) কেন্দ্রে শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশের সর্বমোট ২০টি কেন্দ্রে গুচ্ছ ভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ‘সি’ ইউনিটে মোট এক হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী ইউএফটিবি-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। তাদের মধ্যে ৯২১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৫৭৫ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৬১.৫৬ শতাংশ।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন দফতরের পরিচালক ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
রুয়েব আহমেদ শান্তিগঞ্জ ( সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম।
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে এক ঘণ্টা। এ কেন্দ্রে ২৪৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫৯.৮৩ শতাংশ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আবদুল লতিফ জানান, নির্ধারিত ২৪৯ জনের মধ্যে ১৪৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ১০০ জন অনুপস্থিত ছিলেন। পুরো পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে এক হাজার ৪৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন এক হাজার ২৮৯ শিক্ষার্থী; উপস্থিতির হার ছিল ৮৮.৫৩ শতাংশ। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের বসানো স্টল ও হেল্প ডেস্ক পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
পরে ভিসি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইবি কেন্দ্রের সমন্বয়ক এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া।
জানা যায়, গুচ্ছ পদ্ধতিতে এবার মোট আবেদন করেছেন দুই লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে এক লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (এঝঞ) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণীর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৯৫২ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৮০.০৭ শতাংশ।
বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



