রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝড়ে স্কুল ভবনের ওপর একটি গাছ উপড়ে পড়ে যাওয়ায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষ এমনভাবে বিধস্ত হয়েছে যে ওই কক্ষগুলোতে এখন আর পাঠ দান করা সম্ভব হচ্ছে না। ফলে, দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এখন উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ মে দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যালয় ভবন থেকে ৫০ গজ দূরে থাকা একটি বড় গাছ ভেঙে টিন শেড ভবনের ওপর পড়ে। এতে তিনটি কক্ষের মধ্যে দু’টি সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান জানান, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত টিন শেড ভবনটি সর্বশেষ ১৯৯৬ সালে সংস্কার করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি আগে থেকেই জরাজীর্ণ ছিল। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানে পাঠদান চালানো সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আকতার হোসেন বলেন, বিদ্যালয়টিতে জরুরি ভিত্তিতে আরো একটি চার কক্ষবিশিষ্ট ভবন প্রয়োজন। এ জন্য পুরনো ভবন সংস্কার ও নতুন ভবন বরাদ্দের আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী বলেন, নতুন ভবন নির্মাণ সময়সাপেক্ষ হলেও শিক্ষার্থীদের পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য জেলা পরিষদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত টিন শেড ভবনটি সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।



