আলজাজিরা
ফিলিস্তিনের গাজা নগরীতে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। গত বুধবার রাতে গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে ওই বিমান হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের জন্য কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয়। এর আগে স্থানীয় আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছিল, এসব হামলায় ছয়জন নিহত হয়েছেন। পরে সংখ্যাটি বাড়ানো হয়েছে। হামলায় শিশু ও নারীসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ
২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় চার হাজার ৭০০ জন নারী ও শিশু রয়েছেন। গাজা-ভিত্তিক এনজিও ‘আল-দামির অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস’ এর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।



