ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার জনগণের সাথে ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন না করলে জনগণ তা মেনে নেবে না।
গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে টালবাহানা করছে এবং বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। তবে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে। তিনি দাবি করেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।
তিনি আরো বলেন, অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের কালক্ষেপণ বা রাজনৈতিক কৌশল দেশের মানুষ মেনে নেবে না। জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে রাজনৈতিক সঙ্কট আরো গভীর হবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় যাওয়ার পর তারা সে অবস্থান থেকে সরে এসেছে। এর মাধ্যমে তারা জনগণের আকাক্সক্ষা প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চলবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিও অব্যাহত থাকবে। তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের পথেও যেতে পারে এনসিপি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা: মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।



