স্ক্রিন টাইম বাড়ছে, আমল টাইম কমছে : ইব্রাহীম খলিল

Printed Edition
স্ক্রিন টাইম বাড়ছে, আমল টাইম কমছে   : ইব্রাহীম খলিল
স্ক্রিন টাইম বাড়ছে, আমল টাইম কমছে : ইব্রাহীম খলিল

প্রযুক্তিনির্ভর জীবনে আমাদের সময় ব্যয়ের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এক সময় নামাজ, তিলাওয়াত, নীরব চিন্তা বা পরিবারের সাথে কথোপকথনে যে সময় ব্যয় হতো, আজ তা গ্রাস করছে স্মার্টফোনের স্ক্রল ও নোটিফিকেশনের ঢেউ। নবী সা: ও সুস্থতাকে সর্বাধিক মূল্যবান নিয়ামত বলেছেন; অথচ আধুনিক মানুষ এই দুই নিয়ামতই সবচেয়ে বেশি অপচয় করছে স্ক্রিনে। মনোবিজ্ঞান বলছে, স্মার্টফোন মানুষের মনোযোগকে ভেঙে দেয় এবং দ্রুত উত্তেজনার অভ্যাস তৈরি করে। এর ফলে গভীরতা, স্থিরতা ও আধ্যাত্মিক মনোযোগ কমে যায়। মুমিন নামাজে একাগ্রতা হারিয়ে ফেলে, তিলাওয়াত ভারী লাগা বা দোয়া করতে অস্থিরতা- এ সবই স্ক্রিননির্ভর জীবনের স্বাভাবিক পরিণতি। এ পরিবর্তন শুধু ব্যক্তির নয়; পরিবারেও এর প্রভাব স্পষ্ট। শিশুদের ধর্মীয় শিক্ষা কমছে, পারিবারিক সংযোগ দুর্বল হচ্ছে, আর নীরবতা- যা আত্মবিশ্লেষণের ভিত্তি আজ অস্বস্তিকর হয়ে উঠছে। কুরআন সময়ের হিসাব সম্পর্কে সতর্ক করেছে; কিয়ামতের দিন জবাবদিহির প্রথম বিষয়ই হলো সময় কোথায় ব্যয় করা হয়েছিল। বাস্তবতা হলো- আমরা আজ সময় ব্যয় করছি এমন কাজে যার স্থায়ী কোনো মূল্য নেই। সমস্যা প্রযুক্তি নয়, সমস্যা প্রাধান্যের। স্ক্রিনকে নিয়ন্ত্রণ করে, আধ্যাত্মিক কাজের জন্য সামান্য সময় আলাদা করলেই মানুষ আবার অন্তরের প্রশান্তি ফিরিয়ে আনতে পারে। স্ক্রিনের আলো নয়, হৃদয়ের আলোই আমাদের প্রকৃত পথ দেখায়।

লেখক : শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়