রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আজ থেকে সব বিভাগে ক্লাস শুরু হবে। গতকাল রুয়েট অডিটোরিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
তিন ধাপে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন সকাল সাড়ে ৮টায় পুরকৌশল অনুষদভুক্ত সব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে, সকাল ১০টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের এবং সর্বশেষ বেলা ১১টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগের।
এতে প্রধান অতিথি ছিলেন রুয়েট ভিসি অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন- তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, দফতর পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তারা।
ভিসি অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, রুয়েট একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সাথে নেতৃত্ব দিচ্ছে। আজ তোমরা জীবনের নতুন এক অধ্যায়ে পদার্পণ করলে। আশা করি, পড়াশোনার পাশাপাশি তোমরা মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে নিজেদের সমৃদ্ধ করবে। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে তোমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তোমাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে অতিথিরা বিশ্ববিদ্যালয় জীবনের শৃঙ্খলা, অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা, নৈতিকতা, সহশিক্ষা কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি র্যাগিং, বুলিং ও যেকোনো ধরনের অপ্রীতিকর আচরণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়েও শিক্ষার্থীদের অবহিত করা হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, আধুনিকীকরণ প্রক্রিয়া এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনের চলমান উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।
ওরিয়েন্টেশনে জানানো হয়, আজ (১০ মে) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। কোনো শিক্ষার্থী প্রথম ১০ শিক্ষা দিবস অর্থাৎ দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল হয়ে যাবে।



