মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের সহধর্মিণী, ন্যাপের সাবেক সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য মিসেস আমিনা আহমদ (৯০) গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একমাত্র মেয়ে আইভি আহমদসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। আমিনা আহমদ ইডেন কলেজে অধ্যয়নকালে ’৫২-এর ভাষা আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। মহান মুক্তিযুদ্ধেও তিনি সংগঠকের ভূমিকা পালন করেন। এ ছাড়া তিনি ২০০৯ ও ২০১৪ সালে গঠিত সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ন্যাপের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ও উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তি জানান, ঢাকায় মরহুমার প্রথম নামাজে জানাজা শেষে তাকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে আনা হবে। সেখানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে স্বামী অধ্যাপক মোজাফফর আহমদের সমাধির পাশে সমাহিত করা হবে। দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা।



