জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের ফেরিঘাট এলাকায় মহা অষ্টমী স্নানোৎসব উপলক্ষে হাজারো সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে স্নানোৎসবে অংশ নেন।
শেরপুর, টাঙ্গাইলসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা পবিত্র স্নান করেন এবং ফুল, বেলপাতা, ডাব ও কলা দিয়ে পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করেন। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের পবিত্র জলে স্নান করলে পাপ মোচন হয় এবং পুণ্য লাভ হয়।
স্থানীয় পুরোহিতরা জানান, পুরাণকথা অনুযায়ী পরশুরাম ব্রহ্মপুত্রের জলে স্নান করে পাপমুক্ত হন। সেই বিশ্বাস থেকেই যুগ যুগ ধরে এই স্নানোৎসব পালিত হয়ে আসছে। জামালপুর বানিয়াবাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কিশোর কুমার দেব বলেন, পাপমুক্তি ও পুণ্যলাভের আশায় দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হন।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, স্নানোৎসবকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।



