কূটনৈতিক প্রতিবেদক
ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্র্রদূত ড. রুডিগার লটজ গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ইউরোপীয় রাষ্ট্রদূতরা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য শামা ওবায়েদকে উষ্ণ অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ এবং তাদের নিজ নিজ দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাংলাদেশের সাথে উভয় দেশের দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগিতার কথা স্মরণ করেন প্রতিমন্ত্রী।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়ন অংশীদারিত্ব, দক্ষতা উন্নয়ন, জনশক্তি, অভিবাসন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্তবাজার অর্থনীতি চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় খোঁজা হয়।
প্রতিমন্ত্রী ২০২৬-২৭ মেয়াদে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থন কামনা করেন। তিনি বলেন, নিরাপদ, স্বেচ্ছা, দ্রুত এবং মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের মধ্যে রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান নিহিত রয়েছে।
বিদ্যমান সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশের মাধ্যমে বৈঠকটি শেষ হয়। উভয় রাষ্ট্রদূত দীর্ঘস্থায়ী এবং পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ককে আরো এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।



