ফ্ল্যাট গ্রহণে অনিয়ম

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

Printed Edition

বাসস

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ এদিন ধার্য করেন।

আদালতে ৮ এপ্রিল প্রকাশিত গেজেট দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন তাদের আদালতে হাজির হতে বিজি প্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) থেকে গেজেট প্রকাশ হয়ে আসে। এরপর আইনুযায়ী আদালত মামলাটি ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলির আদেশ দেন। একই অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো: খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।