সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

সিঙ্গাইরে এমপি শান্তর টিন ও চেক বিতরণ

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তার আওতায় গৃহ নির্মাণের জন্য মানিকগঞ্জের সিঙ্গাইরে হতদরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহায়তা বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)। এ সময় পৌর এলাকায় একটি মন্দির ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহাদী হোসেনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা। সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা।

মাদককারবারিকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জের ধরে ফিরোজ কবির (৪২) নামে এক মাদককারবারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফিরোজ উপজেলার অর্জুনালাই গ্রামের মো: আলহাজের ছেলে। নিহতের ছেলে রবিউল ইসলাম জানান, বিকেলে বাড়ি থেকে কেনাকাটা করার জন্য পাশের উপজেলা সাটুরিয়ায় যান, সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবা। নিজ গ্রাম অর্জুনালাই ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে জহিরুলের ডাকে সারা দিয়ে মোটরসাইকেল দাঁড় করালে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জহিরুলের হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আমার বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কাওয়ালিপাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা খারাপ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।

ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আ: রাজ্জাক (৬০) নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। তার পিতার নাম মৃত সোমা শেখ। স্থানীয় পৌর এলাকার আদর্শ পাড়ার বাসিন্দা তিনি। স্থানীয়রা জানায়, পারিবারিক অশান্তির জের ধরে রেলস্টেশনে বসে ছিলেন রাজ্জাক। রাত দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা লোকাল ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন থেকে ছাড়ার পর আ: রাজ্জাক ওভারব্রিজের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিলে দিখণ্ডিত হয়ে যায়। কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা।

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে গতকাল হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা।

দোকানে ঢুকল কাঠবোঝাই ট্রাক

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠবোঝাই একটি ট্রাক নির্মাণসামগ্রীর দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানঘর ও ভেতরে থাকা মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রোববার ভোরে সিপাহীপাড়া-দিঘিরপাড় সড়কের আলদি বাজারের দক্ষিণ পাশে অবস্থিত মোল্লা ট্রেড সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাঠবোঝাই ট্রাকটি মুন্সীগঞ্জের সিপাহীপাড়া সড়ক হয়ে টঙ্গিবাড়ীর দিঘিরপাড় এলাকার মজিবর টিম্বার্সে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়ে। টঙ্গিবাড়ী প্রতিনিধি।

সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অপপ্রচারের প্রতিবাদ

মাগুরার শালিখা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখকদের জড়িয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শালিখা উপজেলা দলিল লেখকরা। গতকাল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে উপজেলা দলিল লেখক সমিতি সমবেত হয়ে এই প্রতিবাদ ও নিন্দা জানায়। এ সময়ে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মো: মতিয়ার রহমান, দলিল লেখক মুন্সি ইমদাদুল হক, ইমরান হোসেন, বোরহানউদ্দিন, মতিয়ার রহমান লস্কর প্রমুখ। শালিখা (মাগুরা) সংবাদদাতা।

সংখ্যালঘুর গরু চুরি, যুবলীগ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের গরু চুরির ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা সোহেল (৩৭) ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার সোহেল কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইসরাফিলের ছেলে এবং স্থানীয় যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপর আসামি কসাই মকবুল (৩৫) বাসাইল এলাকার মৃত মোকলেস মিয়ার ছেলে। মুন্সীগঞ্জ প্রতিনিধি।

পীরগঞ্জে রিভলবার উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে পৌর শহরের জগথা মহল্লার লাচ্ছি ব্রিজের কাছে এ রিভলবার উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের জগথা নামক স্থানে মাহাবুব চেয়ারম্যানের বাড়ির পাশে লাচ্ছি ব্রিজের দক্ষিণে রাস্তার ধারে একটি পরিত্যক্ত রিভলবার পড়ে থাকতে দেখে এক পথচারী পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেখান থেকে গুলিবিহীন রিভলভারটি উদ্ধার করে থানায় আনে পুলিশ। বিষয়টির আইনগত ব্যবস্থা নিতে সাধারণ ডায়রিতে (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি। সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা।

দিনাজপুরে চাঁদাবাজি বন্ধে সড়ক অবরোধ

দিনাজপুর ট্রাক টার্মিনালে টোলের নাম করে চাঁদাবাজি বন্ধের দাবিতে দিনাজপুর শহরে শ্রমিকদের সড়ক অবরোধ পালিত হয়। পরে টোল আদায় ও চাঁদা বন্ধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার ঘণ্টা পর তুলে নেয়া হয় অবরোধ। গতকাল দিনাজপুর ট্রাক টার্মিনালে টোলের নামে এক মাস ধরে অবৈধ চাঁদাবাজি করায় দিনাজপুরে শহরের আটটি পয়েন্টে দিনাজপুর জেলার ট্রাক ও মালিক-শ্রমিক যৌথ উদ্যোগে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান, পিক-আপ ও ট্রাক্টর দিনাজপুর শহরের বিভিন্ন পয়েন্টে অবরোধ পালন করেন। এ সময় যানজটে দিনাজপুর শহর স্থবির হয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে চার ঘণ্টা পরে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়। শ্রমিকদের অবরোধ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক নতুন আদেশ না দেয়া পর্যন্ত দিনাজপুর ট্রাক টার্মিনালের সব টোল আদায় বন্ধ থাকবে। দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিনের স্বাক্ষরিত এক আদেশপত্রে টোল আদায় বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। দিনাজপুর প্রতিনিধি।

দুদকের পরিচয়ে প্রতারণার সময় আটক ১

গাইবান্ধায় দুদকের সোর্স পরিচয় দিয়ে প্রতারণা করার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। গতকাল সকালে ডিসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত ওছিমউদ্দিন আহমেদের ছেলে। জানা গেছে, আটককৃত জাফরুল্লাহ অ্যাকাউন্টস অফিসে এসে অডিটর কৌশিককে খোঁজাখুঁজি করেন এবং অফিস সহায়ক লিমার কাছে অডিটর কৌশিকের মোবাইল নম্বর চেয়ে নেন। তিনি নিজেকে দুদকের সোর্স পরিচয়ে অ্যাকাউন্টস অফিসের অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন। পরে দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তির সাথে মোবাইলে কৌশিকের সাথে কথা বলিয়ে দেন। এ সময় মোবাইলে থাকা দুদকের অজ্ঞাত কর্মকর্তা পরিচয় দেয়া ব্যক্তি কৌশিককে বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। বিষয়টি সমাধানের জন্য জাফরুল্লাহর সাথে কথা বলতে বলেন তিনি। পরে সন্দেহ হলে দুদকের সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে অ্যাকাউন্টস অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে কখনো রংপুর কখনো দিনাজপুরের বাসিন্দা দাবি করে একেকবার একেক রকম পরিচয় দেন। পরে ভোটার আইডি কার্ডে দেখা যায় জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত ওছিমউদ্দিন আহমেদের ছেলে। গাইবান্ধা প্রতিনিধি।