চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখার তিন কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ মামলায় সাবেক পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ধারায় আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো: মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জনতা ব্যাংক শেখ মুজিব রোড করপোরেট শাখার সাবেক কর্মকর্তা মো: আবু তৈয়ব, বাবুল চন্দ্র মজুমদার, রনেন্দ্র বিকাশ সাহা, মোসলেম উদ্দিন এবং প্রধান কার্যালয়ের সাবেক এসপিও (আইডি রিকন) মো: সাঈদ হোসেন। মামলায় একই শাখার সাবেক কর্মকর্তা নুরুল হুদাকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া আরেক আসামি আবু বকর সিদ্দিকীর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: এনামুল ইসলাম জানান, ১২ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পাঁচ আসামিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। সব সাজা একসাথে কার্যকর হবে।
মামলার নথি সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ২০০০ সালের ২৯ মার্চ পর্যন্ত সময়ে জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখার কয়েকজন কর্মকর্তা ও গ্রাহক যোগসাজশে ব্যাংকের বিভিন্ন হিসেব থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর করেন। পরে সেই অর্থ বিভিন্ন চলতি ও এসটিডি হিসেবের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করা হয়।



