নগরকান্দ (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকি বাড়ছে সাধারণ মানুষ। গত শনিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে জমে আছে ময়লার স্তূপ। বাজারের পচা ফলমূল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বর্জ্য, নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন আবর্জনা এখানে ফেলা হচ্ছে। তীব্র দুর্গন্ধে পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে দেখা যায়। অনেকেই বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করছেন।
স্থানীয়রা জানান, বাজারের ময়লা রাতের আঁধারে ভ্যানযোগে এনে সড়কের পাশে ফেলে রেখে যায় কিছু অসাধু ব্যক্তি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় দিন দিন ময়লার স্তূপ বড় হচ্ছে। এতে এক দিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্য দিকে রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয় পথচারী শামিম হোসেন বলেন, প্রতিদিন অসংখ্য কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। এক সময় সড়কটি ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন। এখন দুর্গন্ধের কারণে চলাচলই কষ্টকর হয়ে পড়েছে।
আরেক পথচারী সোহেল মোল্যা বলেন, দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। বাধ্য হয়ে মাস্ক পরে চলাচল করতে হয়। তিনি দ্রুত সড়কের দুই পাশ পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানান।
ব্যবসায়ী শাহ আলম বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। বাজার কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু বলেন, আগের ইউএনও স্যার এখানে ময়লা ফেলতে বলছিল। পরবর্তীতে স্থানীয়দের বাধা ফেলাতে নিষেধ করে নদীর পাশে ফেলতে বলা হয়েছিল। যদি এখনো ফেলে তাহলে খোঁজখবর নিয়ে জানানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিগগিরই ময়লার ভাগাড় একটি নির্দিষ্ট স্থানে ফেলানোর উদ্যোগ নেয়া হবে।



