১০ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে থাকা হত্যাসহ ১০টি মামলায় হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গতকাল রোববার দুপুরে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনগুলো খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

ফলে আইভীর কারামুক্তিতে আইনগতভাবে আর বাধা নেই বলে জানিয়েছেন তার পক্ষে আদালতে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী মো: মোতাহার হোসেন সাজু। তবে সিদ্ধিরগঞ্জ থানার আরো দু’টি মামলায় হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে তিনি জানান।

ওই দুই মামলার এজাহারে আইভীর নাম না থাকলেও তাকে পরে গ্রেফতার দেখানো হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আইভী দেশের প্রথম নির্বাচিত নারী মেয়র এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের মেয়র। ২০০৩ সাল থেকে নগরপ্রধানের দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

পরের বছর ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে পুলিশ আইভীকে গ্রেফতার করে। শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত তিনটি হত্যা ও দু’টি হত্যাচেষ্টা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। গত বছরের ৯ নভেম্বর ওই পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে গত বছরের ১২ নভেম্বর চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।