রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে ভবন সঙ্কটে বিপাকে পড়েছে একটি বিদ্যালয়। বালুর উপর চলছে শিক্ষার্থীদের পাঠদান। উপজেলা সদরে অবস্থিত কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এই ভবন সঙ্কট দীর্ঘ দিনের। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বালুর ওপর বসেই ক্লাস করছে। এতে এক দিকে যেমন ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ, অন্য দিকে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, উপজেলা সদরে অবস্থিত এই বিদ্যালয়টির অস্থায়ী ভবনটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। কক্ষের অভাবে সপ্তম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঠের বালুর ওপর বসিয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। এক দিকে তীব্র দাবদাহ, অন্য দিকে বাতাসের সাথে উড়ে আসা ধুলাবালু- এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই চলছে পাঠদান। দীর্ঘক্ষণ ধুলাবালুর মধ্যে অবস্থান করায় শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, অ্যালার্জি ও নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া ও সপ্তম শ্রেণীর পূজা দাস ক্ষোভ প্রকাশ করে বলে, বাতাসে বালু উড়ে এসে চোখে-মুখে যায়, বইখাতা নষ্ট হয়। গরমে কিছুক্ষণ বসে থাকলেই মাথা ঘোরে। এভাবে কি পড়াশোনায় মন বসে? কিন্তু কী আর করা, লেখাপড়া তো চালিয়ে যেতে হবে।
বিদ্যালয়টিতে শিক্ষার্থীর তুলনায় কক্ষের সংখ্যা খুবই কম। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে শুধু ভবন নয়, রয়েছে শিক্ষক সঙ্কটও। ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ভৌতবিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে কোনো স্থায়ী শিক্ষকই নেই। এ ছাড়া প্রয়োজনীয় বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, টেবিল ও চেয়ারের অভাবে দাফতরিক কাজ ও সাধারণ শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়া অবস্থা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির মোল্লা বলেন, ‘আমরা নিরুপায়। ভবন সঙ্কটের বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পর্যাপ্ত অবকাঠামো না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের বালুর ওপর বসাতে হচ্ছে। এই কষ্ট আমাদেরও ব্যথিত করে; কিন্তু আমাদের কি-ই বা করার আছে?’
অভিভাবকদের দাবি, এভাবে চলতে থাকলে শিক্ষার গুণগত মান ধরে রাখা অসম্ভব। স্থানীয় সচেতন মহল আশঙ্কা করছেন, দ্রুত স্থায়ী সমাধান না হলে অচিরেই বিদ্যালয়টিতে শিক্ষার্থীর হার কমতে শুরু করবে এবং ঝরে পড়ার হার বাড়বে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে এবং এই সঙ্কট নিরসনে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।



