নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক অস্থিরতা ও আমদানি জটিলতার আশঙ্কার মধ্যেও দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আগামী জুন-জুলাই পর্যন্ত কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই এবং আগামী জুন বা জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুদ রয়েছে।
গতকাল জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া সার মজুদ আছে, তা দিয়ে অনায়াসেই আগামী জুন বা জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব। বাংলাদেশ মূলত কাতার ও সৌদি আরব থেকে সার আমদানি করে থাকে এবং এ লক্ষ্যে এরই মধ্যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কাতারে পাঠানো হয়েছে, যেখানে আমদানি সংক্রান্ত ফলপ্রসূ আলোচনা চলছে।
বৈশ্বিক পরিস্থিতির প্রভাব প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও সারের জাহাজ ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুতই দেশে পৌঁছাবে। ফলে সার নিয়ে বড় ধরনের কোনো সঙ্কটের আশঙ্কা নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



