আরব নিউজ
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমদ আল-শারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে অংশ নিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে রোববার জানানো হয়েছে, এই ফোনালাপে দুই দেশের শীর্ষ নেতা সিরিয়ার ভঙ্গুর অর্থনীতিতে মার্কিন সমর্থন এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
আলাপকালে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা গুরুত্বের সাথে উল্লেখ করেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি পুনরুজ্জীবিত করতে এবং দেশটিতে বৈদেশিক বিনিয়োগের পরিবেশ তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহার করা অত্যন্ত জরুরি। এর আগে ওয়াশিংটন সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত ‘সিজার অ্যাক্ট’ বাতিলসহ সিরিয়ার বিরুদ্ধে থাকা বেশির ভাগ বড় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো কিছু সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সেখানে বহাল রয়েছে।



