নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদাপাড়া এলাকায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স বিভাগের শিফট-ইনচার্জ জালাল উদ্দিন বাচ্চুর স্ত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার দুপুরে মুগদাপাড়া মেইন রোডে স্বপ্ন শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মুগদাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামী জালাল উদ্দিন বলেন, ছিনতাইকারীরা কৌশলে ‘শয়তানের নিঃশ্বাস’ শুঁকিয়ে তার কাছ থেকে ছয় আনা ওজনের কানের স্বর্ণালঙ্কার, মানিব্যাগ ও বাজারের ব্যাগ নিয়ে যায়। মানিব্যাগে দুই হাজার ৫০০ টার মতো ছিল। ছিনতাইকারীরা দুইজন ছিল। ছিনতাইয়ের সময় তারা এমনভাব দেখায় তাতে কেউ কিছু বুঝে উঠতে পারেনি। এই ঘটনার পর অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলের পাশের দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একজন ছিনতাইকারীর ছবি উদ্ধার করলেও এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানান তিনি।
এই বিষয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান ওল্লাহ বলেন, বিষয়টি নিয়ে আমাদের কার্যক্রম চলছে। আশা করি দ্রুত ছিনতাইকারীকে গ্রেফতার করা যাবে।



